BREAKING NEWS: আগামী বছর থেকে অনলাইনে NEET! প্রশ্ন ফাঁস বিতর্কের মাঝেই বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর, ২১ জুন রি-এগজাম
ACS Bangla ডেস্ক: বারংবার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিল এবং লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যতের অনিশ্চয়তা— এই সমস্ত কিছুতে ইতি টানতে এবার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে সম্পূর্ণ অনলাইন মোডে বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) হিসেবে নেওয়া হবে নিট (NEET UG) পরীক্ষা। আজ, শুক্রবার নয়া দিল্লিতে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে এই বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
পাশাপাশি, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৩ মে বাতিল হয়ে যাওয়া পরীক্ষার পরিবর্তে আগামী ২১ জুন, ২০২৬ তারিখে পুনরায় নিট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে।
রি-এগজাম নিয়ে ৫টি বড় ঘোষণা:
- পরীক্ষার নতুন তারিখ: আগামী ২১ জুন পুনরায় নিট পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীরা আগামী ১৪ জুন থেকে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
- পরীক্ষা ফি সম্পূর্ণ ফেরত (Refund): গত ৩ মে যেসকল পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন, তাঁদের আগের পরীক্ষার সম্পূর্ণ ফি ফেরত দেওয়া হবে। আগামী ২১ জুনের পরীক্ষায় বসার জন্য পরীক্ষার্থীদের নতুন করে কোনো চার্জ বা ফি দিতে হবে না।
- পছন্দের পরীক্ষাকেন্দ্র বাছার সুযোগ: পরীক্ষার্থীরা পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য নিজেদের সুবিধাজনক ও পছন্দের শহর বেছে নেওয়ার সুযোগ পাবেন। পরীক্ষাকেন্দ্র বাছাই বা পরিবর্তনের জন্য NTA-র তরফ থেকে এক সপ্তাহের সময়সীমা দেওয়া হবে।
- অতিরিক্ত সময়: রি-এক্সামিনেশনে ওএমআর (OMR) শিট পূরণ করার জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে।
- আজই অফিসিয়াল নোটিস: পরীক্ষার কেন্দ্র পরিবর্তন এবং এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা আজ বিকেলেই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
ভুল স্বীকার সরকারের, তদন্তভার সিবিআই-এর হাতে
এদিনের সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্পষ্ট ভাষায় সরকারের সিস্টেমের গাফিলতি স্বীকার করে নেন। তিনি বলেন,
"ভুয়ো বা প্রতারক পরীক্ষার্থীদের জন্য যোগ্য ও পরিশ্রমী ছাত্রছাত্রীরা যাতে কোনোভাবেই সুযোগ থেকে বঞ্চিত না হয়, সরকার তা নিশ্চিত করবে। সিস্টেমে যা ত্রুটি রয়েছে তা দ্রুত শুধরে নেওয়া হবে।"
তিনি জানান, গত ৩ মে পরীক্ষা হওয়ার পর, ৭ মে এনটিএ-র কাছে অভিযোগ আসে যে একটি প্র্যাকটিস বা গেস পেপারের সঙ্গে আসল প্রশ্নপত্রের অনেকাংশ হুবহু মিলে গিয়েছে। শিক্ষা দফতরের নির্দেশে তদন্তের পর ১২ মে জানা যায় যে, গেস পেপারের নাম করে আসলে নিটের অরিজিনাল প্রশ্নপত্রই লিক করা হয়েছিল।
শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন যে, এই প্রশ্ন ফাঁস চক্রের পেছনে যারা রয়েছে, তাদের কাউকেই রেয়াত করা হবে না। ইতিমধ্যেই ঘটনার তদন্তভার সিবিআই (CBI)-এর হাতে তুলে দেওয়া হয়েছে। রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ মেনেই পরীক্ষা ব্যবস্থার এই আমূল সংস্কার করা হচ্ছে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই সঙ্গে তিনি সমস্ত পরীক্ষার্থী ও অভিভাবকদের কোনো রকম গুজব বা জল্পনায় কান না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
শিক্ষামূলক এবং চাকরি সংক্রান্ত যেকোনো খবরের দ্রুত আপডেট পেতে চোখ রাখুন ACS Bangla (acsbangla.com)-র পাতায়।

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆